
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল এমএম নারাভানে বলেছেন, ভারত পাকিস্তানের আলোচিত সীমান্ত লাইন অব কন্ট্রোলে (এলওসি) স্থায়ী যুদ্ধবিরতি নির্ভর করবে প্রতিবেশী দেশের কার্যক্রমের ওপর। লাইন অব কন্ট্রোলে চলমান যুদ্ধবিরতি ১০০ দিন অতিক্রম করায় দুই দিনের বিশেষ সফরে সেখানে গিয়েছিলেন জেনারেল নারাভানে। পরে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে জেনারেল নারাভানে বলেন, ‘এখন পর্যন্ত এলওসি-তে যুদ্ধবিরতি অব্যাহত আছে। আশা করছি ভারতের মতো পাকিস্তানও এই কার্যক্রমে সমানভাবে পালন করে যাবে। তারা যতোদিন যুদ্ধবিরতি অব্যাহত রাখবে আমরাও ততোদিন তা পালন করব।’ তিনি আরো বলেন, ‘এই যুদ্ধবিরতির নষ্ট হওয়ার আশংকা সবসময়ই থাকে। যার কারণে আমাদের সেনাদের সদা প্রস্তুত থাকতে হয়। পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘ বিরোধিতা। তাই রাতারাতি কোনোকিছু পরিবর্তন করা সম্ভব না। তাদের ছোট একটি ভুল সবকিছু নষ্ট করে দেবে।’