
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাটিকে ‘মুসলিম বিদ্বেষ থেকে ঘটানো সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। হাউজ অব কমন্সে এক বক্তৃতায়এ ঘটনায় জাস্টিন ট্রুডো বলেন, ‘এটা নিছক কোনো দুর্ঘটনা ছিল না। সমাজের ঘৃণিত অংশের এক সদস্য তীব্র মুসলিমবিদ্বেষ থেকে এই জঘন্য সন্ত্রাসী হামলা করেছে। এমন হামলা বন্ধ হওয়া উচিৎ।’
এ ঘটনায় আহত বালকের দ্রুত সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমরা আশা করছি ছেলেটা খুব দ্রুত সেরে উঠবে, যদিও কাপুরুষোচিত এই হামলার দুঃসহ স্মৃতি সে অনেক দিন বয়ে বেড়াবে।’ কানাডার ডিটেকটিভ সুপারিটেনডেন্ট পল ওয়েইট জানিয়েছেন, গত রবিবার কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে রাস্তা পার হচ্ছিলেন পাঁচ সদস্যের মুসলিম পরিবারটি। এ সময় তাদের উপর চলন্ত ট্রাক উঠিয়ে দেয় এক ব্যক্তি। ঘটনাস্থলে চার জন মারা যান। পরিবারের নয় বছর বয়সী এক ছেলে আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।