
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে এখন পর্যন্ত যত টিকা সরবরাহ করা হয়েছে তার ৭৫ শতাংশই পেয়েছে মাত্র ১০টি দেশ। কম জিডিপির দেশগুলো পেয়েছে এক শতাংশেরও কম পরিমান টিকা। ডয়চে ভেলেকে পাঠানো এক লিখিত বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এ তথ্য জানিয়েছে। টিকা পাওয়ার ক্ষেত্রে এমন অসম অবস্থা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মন্তব্য করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঐ বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা মহামারি থেকে মুক্তির দুটি ভিন্ন পথের কথাই সামনে নিয়ে আসে।’
সবার জন্য টিকা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্যদের উদ্যোগে কোভ্যাক্স কর্মসূচি চালু করা হয়। এর আওতায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশগুলোতে টিকা সরবরাহ করা হচ্ছে। তবে সংখ্যাটা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে। জার্মানিতে প্রায় ৪৫ শতাংশ মানুষ ইতোমধ্যে অন্তত এক ডোজ টিকা পেয়েছেন। অথচ এমন অনেক দেশ আছে যেখানে টিকা কার্যক্রম কেবল শুরু হচ্ছে। তাঞ্জানিয়া, চাদের মতো দেশে এখনও টিকা দেওয়া শুরু হয়নি।