
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের বারামতীর বাসিন্দা অনীল মোরে। পেশায় চা বিক্রেতা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানি অর্ডার করে ১০০ রুপি পাঠিয়েছেন। আর লিখেছেন, অবশ্যই যেন তাঁর দাড়ি কাটেন। ভারতীয় গণমাধ্যমের খবরে এমন তথ্য জানা গেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতের ইন্দাপুরে বেসরকারি একটি হাসপাতালের উল্টাদিকে ছোট্ট একটি চায়ের দোকান চালান অনীল। করোনার জেরে লকডাউনে সেই ব্যবসাতেও ভাঁটা পড়েছে। কোনোমতে এখন জীবন-যাপন করেন অনীল ও তাঁর পরিবার। লকডাউনে যে তাদের মতোই নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে। তাই একপ্রকার রেগেই তিনি দেশটির প্রধানমন্ত্রী মোদিকে ১০০ রুপি পাঠান। আর লেখেন, ‘প্রধানমন্ত্রী দয়া করে দাড়িটা কামিয়ে ফেলুন আর দেশের উন্নয়ন, দারিদ্র সমস্যা সমাধানে নজর দিন।’