
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনা রোগীদের মধ্যে প্রথম সংক্রমিত হওয়া ব্ল্যাক ফাঙ্গাস এবার আফগানিস্তানেও শনাক্ত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বর্তমানে মহামারির তৃতীয় ঢেউ চলছে। শনিবার (৩ জুলাই) আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরোহ এমন তথ্য জানিয়েছেন। ব্ল্যাক ফাঙ্গাস থেকে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও দুজনের মধ্যে শনাক্ত হয়েছে।আফগানদের খুব একটা মাস্ক পরতে কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায় না। করোনার সংক্রমণও সেখানে ধারাবাহিকভাবে বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের। সেখানে দিনে গড়ে চার হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে।রাজধানীর কাবুলের বিভিন্ন হাসপাতালে করোনার রোগীদের শয্যা বাড়ানো হয়েছে। তবে সেখানে অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে। দরিদ্রদের অক্সিজেন সিলিন্ডারের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মিসরেও এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে।