
নিউজ ডেস্কঃ পর্তুগালে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান মিজান (২৮) নামে বাংলাদেশী এক যুবক মারা গেছেন। ১৭ দিন ধরে লিসবনের সান্তা মারিয়া হাসতাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার (৫ জুলাই) মারা যান তিনি। মিজানুর রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার মোঘলাবাজার থানায়। গত ১৯ জুন লিসবনের আলকান্ত্রা নামক স্থানে ইলেকট্রিক বাইসাইকেলের ব্রেকের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারালে, দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনায় তার এক হাত ও এক পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায়ও আঘাত পান মিজান। এরপর থেকেই তিনি পর্তুগালের রাজধানী লিসবনের সান্তা মারিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিলো বলে জানিয়েছেন চিকিৎসকরা। মিজানের মরদেহ দেশে পাঠানোর আবেদন জানিয়েছে তার পরিবার। মরদেহ দেশ পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে লিসবনের বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাস।