
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও স্বাস্থ্যপ্রতিমন্ত্রী অশ্বীনি কুমার চৌবি পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার রদবদলের খবরের কয়েক ঘণ্টা পর বুধবার (৭ জুলাই) তারা দুজনে সরে দাঁড়ান। পাশাপাশি শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও পদত্যাগ করেছেন। একটি বড় সরকারের পুনর্গঠনের ক্ষেত্রে এ ঘটনাকে ব্যাপক আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। মন্ত্রিসভার সম্প্রসারণকে সামনে রেখে এখন পর্যন্ত সাত মন্ত্রীর পদত্যাগের খবর পাওয়া গেছে।
এমন এক সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই মন্ত্রী সরে দাঁড়ালেন, যখন এপ্রিল ও মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতের স্বাস্থ্যখাতে ব্যাপক ধাক্কা লেগেছে। হাসপাতালগুলোতে তখন রোগীদের উপচেপড়া ভিড়ে শয্যা ও ওষুধের সংকটের পাশাপাশি হাজার হাজার মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করছিলেন। অক্সিজেনের অভাবে বহু মানুষকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। করোনা মহামারি মোকাবিলায় সরকারের লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন হর্ষ বর্ধন। মন্ত্রিত্বের দায়িত্ব পালনের মধ্যে বেশ কিছু বিতর্কেও জড়িয়ে পড়তে দেখা গেছে তাকে। যার মধ্যে এফএমসিজি কোম্পানির পতঞ্জলির বিতর্কিত করোনাবিরোধী কিট করোনিলের উদ্বোধন করেন তিনি। এ সময় ইয়োগা গুরু রামদেবও সেখানে উপস্থিত ছিলেন। তবে কোভিড-১৯ রোগে বিপর্যয়ে এই সংকটের সময়ে কেন স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তন আনা হচ্ছে, তা পরিষ্কারভাবে জানা সম্ভব হয়নি।