
আন্তর্জাতিক ডেস্কঃ আফিগানিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাদগিজের রাজধানীতে ঝড়ের বেগে প্রবেশ করেছে তালেবান বিদ্রোহীরা। স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেন, তারা পুলিশের প্রধান কার্যালয় দখলে নিয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তালেবানকে তাড়িয়ে দিতে আফগান বাহিনী বিমান হামলা চালাচ্ছে। এছাড়াও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, জাতীয় নিরাপত্তা পরিদপ্তরের (এনডিএস) প্রাদেশিক কার্যালয়ও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। বিশেষ বাহিনী এসে তাদের তাড়িয়ে দেওয়ার আগে তারা সরকারি অফিসগুলো দখলের চেষ্টা করেছে।
তিনি বলেন, তালেবান এখন শহরের ভেতরেই আছে। অল্প সময়ের জন্য শহরের পতন ঘটেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ফাওয়াদ আনাম বলেন, পুলিশ ও এনডিএস কার্যালয় ফের সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। শহর থেকে তালেবানকে সরিয়ে দেওয়া হবে দ্রুতই।আর বাদগিজের প্রাদেশিক পরিষদে সদস্য আবদুল আজিজ বেক বলেন, দুপুরের দিকে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে সরকারি বাহিনী। তবে শহরে আতঙ্ক বিরাজ করছে।