
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে মিয়ানমারকে ২০ লাখ ডোজ করোনার টিকা দিচ্ছে রাশিয়া। চলতি মাস থেকেই এ টিকা পাঠনো শুরু করবে দেশটি। শনিবার (১০ জুলাই) মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং এ কথা জানান। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।সেনাবাহিনীর মালিকানাধীন মায়াবতী টেলিভিশনে প্রচারিত বক্তব্যে জেনারেল মিন অং হ্লাইং বলেন, আমি তাদের বলেছি আমার ২০ লাখ ডোজ টিকা লাগবে এবং তারা তা দিচ্ছে।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখল করেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং।এরপর থেকে দেশটির সামরিক সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি।শনিবার জেনারেল হ্লাইং জানান, দেশে করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে আর তাই ভ্যাকসিন দিয়ে মিয়ানমারকে সহযোগিতার কথা জানিয়েছেন রাশিয়ার জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা। গত ২৩ জুন নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে রাশিয়া সফরে যান মিয়ানমারের জান্তা সরকার। ওই সফরে রাশিয়ার কাছে ভ্যাকসিন সহায়তা চান তিনি।