News71.com
 International
 13 Jul 21, 07:21 PM
 291           
 0
 13 Jul 21, 07:21 PM

প্যারিসে বঙ্গবন্ধুর স্মারক ডাকটিকিট উন্মোচন॥

প্যারিসে বঙ্গবন্ধুর স্মারক ডাকটিকিট উন্মোচন॥

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্যারিসের বাংলাদেশ দূতাবাস ও ফরাসি ডাক বিভাগ লা পোস্টের যৌথ উদ্যোগে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) প্যারিসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। লা পোস্টের সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে ফরাসি ডাকটিকিট প্রকাশনা বিভাগের পরিচালক গিলিস লিভচিজ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু আজীবন সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে তাদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার রাজনৈতিক আদর্শ, জীবন দর্শন সারা বিশ্বের স্বাধীনতাকামী জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে দূতাবাসের চলমান উদ্যোগের এটি অন্যতম।

ফরাসি ডাকটিকিট প্রকাশনা বিভাগের পরিচালক গিলিস লিভচিজ বলেন, এ মহৎ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হতে পেরে আমরা গর্বিত। এ কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় আমরাও বঙ্গবন্ধুর মতো একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, তার জীবনাদর্শন সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছি। এ ডাকটিকিট ফরাসি জনগণের কাছে বাংলাদেশের জাতির পিতাকে আরও সুপরিচিত করতে একটি বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই ডাকটিকিট নিত্য ব্যবহার্য ডাক টিকিট, কেবল স্মারক ডাকটিকিট নয়। এর মাধ্যমে ফ্রান্সের অভ্যন্তরে এবং বিশ্বের যে কোনো দেশে চিঠি-পার্সেল পাঠানো যাবে। বিখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী শামসুদ্দোহার আঁকা বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি এই স্মারক ডাকটিকিটে ব্যবহার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন