
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশটির বাণিজ্যিক প্রদেশ জোহানেসবার্গ এবং কাওয়াজুলু-নাটাল প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সোমবার (১২ জুলাই) দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গত কয়েকদিন ধরে দুই প্রদেশে চলমান সহিংসতার জেরে অচলাবস্থা নিরসনে সরকারের অনুরোধে দুই প্রদেশের আইন শৃঙ্খলাবাহিনীকে সহায়তা করার জন্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে আন্তুর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, দক্ষিণ আফ্রিকার দুই প্রদেশে শনি এবং রোববারের পর সোমবারেও দোকানপাটে লুটপাট হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করেছে।
এদিকে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সহিংসতা ও লুটপাটের মাঝে অন্তত ১০ জন নিহত হয়েছে এবং ২০০ গ্রেপ্তার হয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সহিংসতার কোনও যৌক্তিকতা নেই। দক্ষিণ আফ্রিকায় দুর্নীতি, ঘুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের তদন্ত শুরু হওয়ার পর জ্যাকব জুমাকে সহযোগিতার জন্য আদালতে উপস্থিত হতে বললে মাত্র একবার হাজিরা দিয়েছিলেন তিনি। পরে দুর্নীতি আর আদালত অবমাননার দায়ে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের জন্য কারাগারে পাঠান দেশটির আদালত। জুমার মুক্তির দাবিতে দেশব্যাপী চরম সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর লুটপাট চালাচ্ছেন তার সমর্থকরা।