
আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানি। বুধবার (১৫ জুলাই) টানা বৃষ্টিতে ডুবে গেছে দেশটির অধিকাংশ এলাকা। বন্যার কারণে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। মারা গেছেন চারজন। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।স্থানীয় সময় বুধবার জার্মানির বিভিন্ন অঞ্চলে দেখা দেয় ভারী বৃষ্টিপাত। এদিন রেকর্ড ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
টানা বৃষ্টিতে তলিয়ে যায় বহু এলাকা। বিশেষ করে নিম্নাঞ্চলে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে পানি ঠেকানোর চেষ্টা করেন বাসিন্দারা।টানা বৃষ্টির এই বন্যায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়িঘর। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। আরও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।বন্যা মোকাবিলায় এরইমধ্যে সরকারিভাবে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। দ্রুত পানি সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির শক্তিশালী মেশিন।