
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার। উদ্ভূত এই অস্থিরতা কাটাতে বৃহস্পতিবার (১৫ জুলাই) পুলিশকে সহায়তার জন্য ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে।১৯৯৪ সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসানের পর থেকে এই প্রথমবার এত বেশি সেনা মোতায়েন করা হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ১০ হাজার জন সেনা সদস্য রাস্তায় নেমেছিল এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীরও ১২ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে।
গৌতেং ও কোয়াজুলু-নাটালের মতো সহিংসতাপ্রবণ অঞ্চলগুলোতে সেনা মোতায়েন করা হচ্ছে। মূলত দরিদ্র অঞ্চলেই সহিংসতা বেশি দেখা দিয়েছে। দেশটির সরকার বলছে, অপরাধীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে।গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অস্থিরতা সাবেক রাষ্ট্রপতি জুমাকে কারাগারে পাঠানোর পরে শুরু হয়েছিল। রাষ্ট্রপতির কার্যনির্বাহী মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, জোহানেসবার্গ আগে শান্ত ছিল। এ কয়েকদিনে দুই হাজার ২০০ জনকে কেবল গ্রেপ্তারই করা হয়েছে।