
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস বিক্ষোভকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামফোসা। শুক্রবার আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া বন্দরনগর ডারবানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাধারণ জনগণের ওপর হামলা ও দেশজুড়ে অব্যাহত বিক্ষোভের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেছেন তিনি। চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২১২-তে দাঁড়িয়েছে। আটক আড়াই হাজারের বেশি বিক্ষোভকারী।
দক্ষিণ আফ্রিকায় অব্যাহত জ্বালাও-পোড়াও আন্দোলনকে পূর্ব-পরিকল্পিত বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট রামফোসা। সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আদালত জেলে পাঠানোর নির্দেশ দিলে দেশজুড়ে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় শতাধিক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। জুমার সমর্থকদের অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে 'গণতন্ত্রের ওপর আঘাত' বলেছেন তিনি। শুক্রবার বন্দরনগর ডারবানের এথিকউইনি বলেন, তিনি কোনোভাবেই এ ধরনের 'বিশৃঙ্খলা ও নৈরাজ্য' সহ্য করবেন না। দাঙ্গা সৃষ্টি করে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র অপহরণের চেষ্টাকারীদের চিহ্নিত করে কঠোর সাজার হুঁশিয়ারি দেন তিনি।