
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার উৎসের খোঁজে দ্বিতীয় ধাপে আরেকটি তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেওয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে চীন। এবারের পরিকল্পনায় চীনা গবেষণাগার থেকে ভাইরাস বাইরে বেরিয়ে আসতে পারে বলে অনুমানের বিষয়টি অন্তুর্ভুক্ত করা হয়েছে।চীনের এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।চলতি মাসে চীনে করোনাভাইরাসের উৎস খুঁজতে দ্বিতীয় ধাপের একটি গবেষণা করার প্রস্তাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার মধ্যে গবেষণাগার ও উহান শহরের বিভিন্ন বাজারে নিরীক্ষার বিষয়টিও রয়েছে।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) ভাইস-মিনিস্টার জেং ইজিন বলেন, মহামারির উৎস সন্ধানের এমন পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারছি না। কারণ এতে কোনো কোনো ক্ষেত্রে সাধারণ বুদ্ধি ও বিজ্ঞানকে অস্বীকার এবং অগ্রাহ্য করা হয়েছে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনার কথা জানার পর আমি অবাক হয়েছি। কারণ এতে চীনে গবেষণাগারের নিয়ম লঙ্ঘনের কারণে ভাইরাস বাইরে ছড়িয়ে পড়েছে বলে একটা হাইপোথিসিস বা অনুমানকেও যুক্ত করা হয়েছে।