
আন্তর্জাতিক ডেস্কঃ ৫৩ হাজার বিলিয়ন তুমান অর্থ ব্যয়ে ওমান সাগর দিয়ে নির্মিত একটি বিশাল তেল পাইপলাইন প্রকল্প উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার (২২ জুলাই) এ প্রকল্পের উদ্বোধন করা হয়। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এড়িয়ে অপরিশোধিত তেল রপ্তানি করার জন্য এ পাইপলাইন উদ্বোধন করা হয়েছে।
এই পাইপলাইনের মাধ্যমে হরমুজগান প্রদেশের গুরেহ অঞ্চল থেকে ওমান সাগর তীরবর্তী জাস্ক বন্দর পর্যন্ত প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠানো যাবে। ইরানের খার্গ দ্বীপের টার্মিনাল থেকে তেলের একটা বড় অংশ এখন ওমান সাগরের এই টার্মিনাল দিয়ে রপ্তানি হবে। প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটি উদ্বোধন শেষে বলেন, যারা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের উন্নয়ন আটকে রাখতে চেয়েছিল, এ প্রকল্প বাস্তবায়ন করে তাদের সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হয়েছে। তিনি এ পাইপলাইন প্রকল্পের উদ্বোধনকে ইরানের ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, যতই দিন যাবে, ততই এ প্রকল্পের গুরুত্ব সবাই উপলব্ধি করবে।