News71.com
 International
 23 Jul 21, 11:02 PM
 285           
 0
 23 Jul 21, 11:02 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার উৎপত্তিস্থলখ্যাত উহানের ল্যাবে ঢুকতে দেবে না চীন॥

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার উৎপত্তিস্থলখ্যাত উহানের ল্যাবে ঢুকতে দেবে না চীন॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) উহানের ল্যাবে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছে চীন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিজ্ঞান ও সাধারণ নিয়মের তোয়াক্কা না করায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। করোনার উৎপত্তিস্থল নিয়ে দিন দিন উত্তপ্ত হচ্ছে বিশ্ব রাজনীতি। ২০১৯ সালের ডিসেম্বরের চীনের উহান শহরেই প্রথম কোভিড শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। প্রথম দিকে উহানের একটি পশুপাখির বাজার থেকে করোনা ছড়িয়ে পড়ার কথা বলা হলেও ২০২০ সালে চীনের এক বিজ্ঞানী প্রথম চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন।

তিনি দাবি করেন, কোনো বাজার নয়, উহানের ল্যাব থেকে ছড়িয়েছে কোভিড নাইন্টিন। এ নিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুমুল দ্বন্দ্বে লিপ্ত হয় চীন। করোনাভাইরাসকে চীনা ভাইরাস হিসেবে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প।চীনের পক্ষ থেকে উহানের ল্যাব থেকে করোনা ছড়িয়ে পড়ার দাবি বারবার অস্বীকার করা হলেও তা তদন্তে কমিটি গঠন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নানা বাকবিতণ্ডা ও শত প্রতিকূলতার পর চলতি বছর জানুয়ারিতে উহান পরিদর্শনের সুযোগ পান বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা। তবে তাদের উহানের গবেষণাগারগুলো ঘুরে দেখতে দেওয়া হয়নি। এমনকি শুরুর দিকে আক্রান্ত রোগীদের বিস্তারিত তথ্যও দেয়নি চীন। এ অবস্থায় দ্বিতীয় দফায় চীনে বিশেষজ্ঞ দল পাঠানোর পরিকল্পনার কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এতে শুরুর দিকে যেসব এলাকায় করোনা শনাক্ত হয় সেখানকার ল্যাবরেটরি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের কথা জানান তিনি। একইসঙ্গে এ বিষয়ে চীনের সহযোগিতা চান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন