
আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানের সহিংসতা রুখতে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের প্রায় সবগুলোতেই রাত্রীকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। আফগান বাহিনী শিগগিরই তালেবানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।এদিকে তালেবান হামলার ঝুঁকিতে আফগানিস্তান ছেড়ে পালাতে শুরু করেছে দেশটির হাজার হাজার নাগরিক।আফগান সেনাদের হটিয়ে তালেবানরা সীমান্ত এলাকার ৯০ ভাগই নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় একে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। সীমান্ত এলাকা এবং প্রধান প্রধান শহর ও মহাসড়ক এখনো সরকারের নিয়ন্ত্রণে বলে দাবি তাদের।
এ অবস্থায় তালেবানদের ঠেকাতে পুরো আফগানিস্তান জুড়ে কারফিউ জারি করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে আফগান সরকার।এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানদের জন্য ১০ কোটি ডলার জরুরি সাহায্য তহবিলের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া আফগানিস্তানে পরিষেবা এবং বিভিন্ন খাতে ব্যয়ের জন্য আরও ২০ কোটি ডলার জরুরি সহায়তা দিবেন বলেও জানিয়েছেন তিনি।তালেবানদের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় দেশ ছেড়ে তুরস্ক, ইরান, পাকিস্তান সীমান্তে আশ্রয় নিচ্ছেন আফগানরা। এ অবস্থায় তালেবান হামলার ঝুঁকিতে থাকা আফগানদের বিশেষ অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে স্থানান্তরেরও উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন।দেশটির ১৮ হাজারের বেশি নাগরিক মার্কিন অভিবাসনের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ। যুক্তরাষ্ট্রের অনুগত আফগান নাগরিকদের জন্য অতিরিক্ত ৮ হাজার বিশেষ ইমিগ্রেশন ভিসা বরাদ্দের অনুমতিসংক্রান্ত এক পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।এদিকে পেন্টাগন (মার্কিন প্রতিরক্ষা বিভাগ) বলছে, প্রথম দফায় প্রায় আড়াই হাজার আফগানকে ফোর্টলি স্থাপনায় নিয়ে আসা হচ্ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরের কোনো মিত্র দেশে প্রথমে স্থানান্তর করে অভিবাসন আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে।