
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের চলমান সংঘর্ষে পাকিস্তান তালেবানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব এই অভিযোগ করেছেন। তিনি তালেবানকে আর্থিক ও সামরিক সহযোগিতা দেওয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে প্রায় ১৫ হাজার মিলিশিয়া আফগানিস্তানে অনুপ্রবেশ করেছে।
মুহিব বলেন, তালেবানের পক্ষে লড়াই করার লক্ষ্যে ইসলামাবাদের প্রত্যক্ষ মদদে এসব সশস্ত্র ব্যক্তি আফগানিস্তানে অনুপ্রবেশ করেছে। হামদুল্লাহ মুহিব দাবি করেন, পাকিস্তান থেকে আরও ১০ হাজার মিলিশিয়া আফগানিস্তানে পাঠানোর তোড়জোড় চলছে বলে কাবুল খবর পেয়েছে। আফগান সরকার বহুবার তালেবানকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছে। কাবুল বলছে, আফগানিস্তানের পরিস্থিতি নাজুক হয়ে পড়ার পেছনে ইসলামাবাদের বড় হাত রয়েছে। পাকিস্তান অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।