
আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্ত নিয়ে ভারতের দুই রাজ্যের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্ত সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বেশ কিছুদিন ধরেই সীমান্ত নিয়ে বিবাদ চলছে আসাম ও মিজোরামের। সোমবার (২৬ জুলাই) তা ভয়াবহ রূপ নেয়। এদিনের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় যাদের প্রাণ গেছে, তাদের মধ্যে আসামের ছয়জন পুলিশ সদস্যসহ সাধারণ মানুষ রয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে এ খবর নিশ্চিত করেছেন।হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, আসাম-মিজোরাম সীমান্ত এলাকায় মিজোরাম থেকে দুর্বৃত্তরা গুলি ছোড়ে, এতে ছয় পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এদিকে, মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার এর জবাবে বলেছেন, আসাম পুলিশ মিজোরামের সীমানায় ঢুকে পড়াতেই সংঘর্ষ শুরু হয়। দু'পক্ষের হতাহতের ঘটনা ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেন তিনি।