
আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় গেল মে মাসের সংঘাতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যাসহ যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার (২৮ জুলাই) এক তদন্ত প্রতিবেদনে নিউইয়র্কভিত্তিক সংস্থাটি এমন দাবি করেছে। তারা বলছে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা স্পষ্টত যুদ্ধাপরাধের শামিল।এরইমধ্যে ইসরায়েলি বাহিনীর হেফাজতে এক ফিলিস্তিনিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা একটি গুপ্তচর দলকে গ্রেপ্তারের দাবি করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, ১১ দিনের ওই সংঘাতে ইসরায়েলি বাহিনীর অন্তত তিনটি হামলায় ৬২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব হামলা স্থলের আশপাশে কোনো সামরিক উপস্থিতি কিংবা হামাসের আস্তানার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজায় কেবল হামাসের অবস্থান লক্ষ্য করেই হামলা চালিয়েছে তারা।অন্যদিকে প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামাসের ছোড়া অন্তত সাড়ে চার হাজার রকেট হামলার শিকার হন মূলত বেসামরিক নাগরিকরাই।