
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের অতি সুরক্ষিত গ্রিনজোনে বিক্ষিপ্ত বন্দুকযুদ্ধের পর শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। অঞ্চলটিতে সরকারি ভবন ও বিদেশি দূতাবাস রয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) রাতে দোহাভিত্তিক আলজাজিরা এমন খবর দিয়েছে। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্থানীয় সময় ৮টায় প্রথম বিস্ফোরণটি ঘটেছে। এটি ছিল গাড়ি বোমা। এতে পার্লামেন্ট সদস্যদের আবাসনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল।দেশটির প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদির বাসার কাছেই এই বিস্ফোরণ হয়েছে। হামলার পর মন্ত্রীর পরিবারকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর দুঘণ্টারও বেশি সময় আগে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই বলেন, প্রথম বিস্ফোরণের পর বন্দুকধারীরা প্রবেশ করেছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা হামলাকারীকে হত্যা করেছে। মন্ত্রীর বাসার দিকে যাওয়া সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শতাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এই বিস্ফোরণে তালেবানের চিহ্ন বহন করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনা লঙ্ঘন করতে চাচ্ছে তালেবান। এভাবে চালিয়ে যেতে থাকলে তারা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে।