
আন্তর্জাতিক ডেস্কঃ লেবানন থেকে নিক্ষেপ করা দুটি রকেট আঘাত হেনেছে ইসরায়েলে। বুধবার (৪ আগস্ট) এ হামলা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, সীমান্তের এই হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়নি। হামলার পর একটি মাঠ থেকে ধোঁয়া ওঠার একটি ছবিও টুইটারে শেয়ার দিয়েছে তারা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রকেট হামলার সঙ্গে সঙ্গে লেবাননের সীমান্তের কিরায়াত শমোনা শহরসহ বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে।এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে তিনটি রকেট হামলা হয়েছে। যার একটি ইসরায়েলি সীমান্তের কাছে এসে পড়েছে। বাকি দুটো ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে। জবাবে ইসরায়েলি গোলন্দাজ বাহিনীও লেবাননের ভেতরে হামলা চালিয়েছে। ২০০৬ সালে হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে ইসরায়েলের লড়াইয়ের পর এই সীমান্ত অনেকটা শান্ত ছিল।