
আন্তর্জাতিক ডেস্কঃ এবার জনসন অ্যান্ড জনসন সংস্থার তৈরি সিঙ্গল ডোজ ‘জেনসিন কোভিড-১৯’ টিকার জরুরি প্রয়োগের অনুমোদন দিল ভারত সরকার। এই নিয়ে পঞ্চম ভ্যাকসিনকে ব্যবহারের জন্য অনুমোদন দিল ভারত। শনিবার (৭ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে এ তথ্য জানান। টুইটারে তিনি লেখেন, ‘ভারতে টিকার প্রয়োগ বাড়ানোর জন্য জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিনকে জরুরি প্রয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের হাতে এখন পাঁচটি ভ্যাকসিন রয়েছে।’ এতোদিন ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’, সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ ও রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছিল মোদি সরকার।
এছাড়া জেনসিনের পাশাপাশি মার্কিন সংস্থা তৈরি মডার্নাও টিকার জরুরি প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে। তবে আগামী বছরের আগে মডার্না ভারতে মিলবে না। যুক্তরাষ্ট্রের তৈরী এই টিকার জন্য তাদের আরও নুন্যতম ৬ মাস অপেক্ষা করতে হবে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় একটি ট্রায়ালে দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ৯১ থেকে ৯৬ দশমিক ২ শতাংশ মৃত্যু ঠেকাতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি ৬৭ শতাংশ হাসপাতালে ভর্তি হওয়া আটকাতে পেরেছে এবং বিটা করোনাভাইরাস ভ্যারিয়েন্ট ও ৭১ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টেকে প্রতিহত করে।