
আন্তর্জাতিক ডেস্কঃ একদিনে এক লাখেরও বেশি করোনায় আক্রান্ত। ছয় মাসে প্রথম এই সংখ্যক দৈনিক সংক্রমণে ফের শঙ্কিত আমেরিকা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরেই সংক্রমণ বৃদ্ধির লক্ষণ স্পষ্ট। নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে তাই। এর আগে ঘোষণা করা হয়েছিল, ভ্যাকসিনের দু’টি ডোজ় নেওয়া হয়ে গেলে আর মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু পরে নিজেদের সিদ্ধান্ত থেকেই পিছু হটেছে প্রশাসন। নতুন করে এই সংক্রমণ বৃদ্ধির জন্য করোনার ডেল্টা ভেরিয়েন্টকে দায়ী করেছে সরকার। কিন্তু একই সঙ্গে তাদের সাবধান-বার্তা, ডেল্টাতেই ভয়ের শেষ নয়।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ডেল্টাতেই শেষ নয়। এরপরে আরও মিউটেশন ঘটিয়ে আরও ভয়ানক স্ট্রেন আসতে পারে। সবটাই নির্ভর করছে সংক্রমণের পরিমাণের উপর। যতো বেশি ভাইরাস ছড়াবে, তত তার মধ্যে বদল ঘটবে। এ জন্য টিকাকরণ হয়ে গেলেও মাস্ক পরে যাওয়া জরুরি। এ বার একই কথা শোনা গেল আমেরিকার শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচির মুখে। সাবধান করে দিয়ে তিনি বলেন, ডেল্টার পরে যদি দেশে আরও কোনো ভেরিয়েন্ট আসে, তা হলে কিন্তু ‘বড় বিপদ’ ডেকে আনবে। আমেরিকায় এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্লরিডা, টেক্সাস, মিসৌরি, আরকানসাস, লুইজ়িয়ানা, আলাবামা, মিসিসিপি। ফ্লরিডায় বাচ্চাদের মধ্যে করোনা সংক্রমণ মারাত্মক বেড়েছে। গত সাত দিনে আমেরিকায় গড় দৈনিক সংক্রমণ ছিল ৯৫ হাজার। বুধবার দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়ায়।