
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে ৭০০-এর নিচে নামলো করোনা শনাক্তের সংখ্যা। এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৫ জন। পাশাপাশি উল্লেখযোগ্য হারে কমলো দৈনিক মৃত্যুও। গতকাল রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজ্যটির স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী করোনা শনাক্তের হার নামলো ১ দশমিক ৫ শতাংশের নিচে। পাশাপাশি এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের নিরিখে সব থেকে বেশি মৃত্যু হয়েছে নদিয়া জেলায়। সেখানে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে তিনজনের। কলকাতায় একজনের। সব মিলিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ২২৯ জন। রোববার রাজ্যে সুস্থ হয়েছেন ৭৬৩ জন। তবে তাতেও উদ্বেগ কমছে না বিশেষজ্ঞদের। প্রত্যেকে দু’টি করে টিকা না পাওয়া পর্যন্ত করোনাবিধি মেনে চলতে বলছেন তারা। এদিন রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ৪৭ হাজার মানুষের । তার মধ্যে ৬৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ৭৭ জন, দার্জিলিংয়ে ৬৯জন, কলকাতায় ৬৮ জন, নদিয়ায় ৬৩ ও জলপাইগুড়িতে ৬০ জন উল্লেখযোগ্য ।