
আন্তর্জাতিক ডেস্কঃ চরম অস্থিতিশীল হয়ে পড়েছে আফগানিস্তান। মার্কিন বাহিনী দেশটি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তীব্র লড়াই শুরু হয় আফগান সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে। এরই মধ্যে দেশটির ৩৪টি প্রদেশের ৯টিই তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।এমতাবস্থায় আফগানিস্তানে অবস্থানরত মার্কিনিদের দ্রুত সেদেশ ত্যাগ করার পরামর্শ কাবুলে অবস্থতি আমেরিকান দূতাবাস।বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আফগানিস্তানে বসবাসরত আমেরিকানদের উদ্দেশ্যে বলা হয়েছে, “যেভাবে সম্ভব দ্রুত আফগানিস্তান ত্যাগ করুন”।
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখলসহ সারাদেশে তালেবানদের অগ্রগতির প্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের প্রতি এই আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। আর্থিক সংকট বা অন্য যেকোনও কারণে কেউ দ্রুত আফগানিস্তান ত্যাগ করতে অসুবিধায় পড়লে যুক্তরাষ্ট্র দূতাবাস তাদেরকে সাহায্য করারও আশ্বাস দিয়েছে। তবে বলা হয়েছে, “নিরাপত্তার অবস্থা ও লোকবলের কমতি থাকায় কাবুলসহ আফগানিস্তানে খুব কম সংখ্যক আমেরিকানকেই সহায়তা করতে পারবে দূতাবাস”।