
নিউজ ডেস্কঃ জাতীয় ও অর্থনৈতিক স্বার্থে প্রযুক্তি জায়ান্ট স্যামসাংপ্রধান লি জে ইয়ং কে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার । দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই’কে ঘুষ দেওয়া এবং অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আড়াই বছরের সাজা নিয়ে গেল জানুয়ারি থেকে বন্দি ছিলেন লি। গতকাল শুক্রবার (১৩ আগস্ট) বিবিসি’র এক প্রতিবেদনে লি’র মুক্তির খবর জানা যায়। প্যারোলে মুক্তি’র পর জেলের বাইরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন লি জে ইয়ং। লি জে ইয়ং বলেন, জনগণের জন্য আমি অনেক উদ্বগের জন্ম দিয়েছি। এরজন্য আমি ক্ষমা চাইছি। আমি সেসব উদ্বেগের বিষয়ে অবগত আছি। আমার প্রতি সবার সমালোচনা এবং প্রত্যাশাও জানি। আমি কঠোর পরিশ্রম করবো। লি জে ইয়ং স্যামসাং এর প্রতিষ্ঠাতা লি ইয়ং চুপের নাতি। আনুষ্ঠানিকভাবে না হলেও ২০১৪ সাল থেকে স্যামসাংয়ের প্রধান হিসেবে রয়েছেন তিনি।