
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আফগানিস্তানের সবচেয়ে বড় শহর মাজার-ই-শরীফ। কয়েক সপ্তাহ ধরে তালেবানরা শহরটির দিকে অগ্রসর হচ্ছে। গত সপ্তাহে হেরাত ও কান্দাহার দখল করার পর মাজার-ই-শরীফ, জালালাবাদ এবং কাবুল হলো প্রধান শহরগুলোর কয়েকটি, যা এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়ে গেছে। তবে তালেবানরা ইতোমধ্যে রাজধানী কাবুলের কাছাকাছি পৌঁছে গেছে। শনিবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, মাজার-ই-শরীফের বাসিন্দাদের আতঙ্ক শুরু হয় তখনই যখন গত সপ্তাহে তালেবানরা দেহদাদী জেলায় হামলা শুরু করেছিল। তবে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ ব্যর্থ হলেও এটি আফগানিস্তানের অর্থনৈতিক ও সাস্কৃতিক কেন্দ্রগুলোর বাসিন্দাদের জন্য বড় একটি শঙ্কা তৈরি করেছে। আবদুল ওয়াহাব নামে এক ব্যক্তি জানান, তিনি কাবুল থেকে একটি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার (১১ আগস্ট) খবরটি যখন ছড়িয়ে পড়ে তাকে বলা হয়, অবিলম্বে বিলাসী হোটেল ছেড়ে তিনি যেন বন্ধুদের বাড়িতে আশ্রয় নেন। কারণ ধনী ও ক্ষমতাবানরা হামলার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। পরে সেই রাতটি তিনি বন্ধুদের সঙ্গে কাটিয়েছিলেন। তিনি বুঝতে পারেন বিমানবন্দর বন্ধ হতে পারে এবং এর আগেই তাকে বাড়িতে ফিরে যেতে হবে।