
আন্তর্জাতিক ডেস্কঃ অধিকৃত ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের পশ্চিমে বিশাল জঙ্গলে দাবানলের ভয়াবহ তাণ্ডব থামানোর চেষ্টা করছে ইহুদিবাদী ইসরাইলের দমকল কর্মীরা। আগুন নেভানোর জন্য ইসরাইল ওই এলাকায় অন্তত ১১০টি অগ্নিনির্বাপক দল নিয়োগ করেছে। এর পাশাপাশি আটটি প্লেন আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে। গত রোববার এই অগ্নিকাণ্ড শুরু হয়েছে। তিনদিনের প্রচেষ্টায় ইসরাইল এখনো আগুন নেভাতে সক্ষম হয়নি। দাবানলে এরই মধ্যে জঙ্গলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এবং বেশ কয়েকটি কমিউনিটি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
১৯৪৮ সালে পাশ্চাত্যের ষড়যন্ত্রে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার পর এই পর্যন্ত যে কয়টি বড় দাবানলের ঘটনা ঘটেছে এটি তার অন্যতম। আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের খবর বলা হয়েছে, প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে আগুন ছড়িয়ে পড়েছে। গতকাল (সোমবার) আগুন নেভানোর জন্য সহযোগিতা চেয়ে গ্রিসকে অনুরোধ করেছে ইসরাইল। এছাড়া ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ জানিয়েছেন, তিনি সম্ভাব্য সহযোগিতার জন্য সাইপ্রাস, ইতালি এবং ফ্রান্সকে অনুরোধ করেছেন। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত জানিয়েছেন, গ্রিস এবং সাইপ্রাস দমকল কর্মী পাঠাতে রাজি হয়েছে।