
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের ৩৪টি প্রদেশেই কোনও না কোনও পরিকাঠামো নির্মাণ করেছে ভারত। এখনও হাতে রয়েছে বেশ কিছু নতুন প্রকল্প। কিন্তু সম্প্রতি দেশটি তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকেই সেই সব প্রকল্পের সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বিশ বাঁও জলে যাওয়ার উপক্রম। তবে ভারতের প্রকল্পগুলির ব্যাপারে নরম সুরেই কথা বলতে দেখা গেল তালিবানকে। তালিবানের মুখপাত্র সুহেল শাহিন জানিয়ে দিল, ভারত যদি ওই প্রকল্পগুলি সম্পূর্ণ করতে চায় তাহলে তারা তা অবশ্যই করতে পারে। পাকিস্তানের এক নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে শাহিনকে বলতে শোনা যায়, ”আমরা কোনও দেশকেই আফগানিস্তানের মাটিকে অন্য কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করতে করতে দেব না। এটাই তাদের সাফ কথা। তিনি আরও বলেন আফগানিস্তানে চলমান অনেক উন্নয়ন অনেক প্রকল্প রয়েছে ভারতের হাতে । যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের জন্য এগুলো বহু নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প। ভারত পূর্বের ন্যায় নিরাপদেই তাদের অসম্পূর্ণ প্রকল্পগুলি সম্পূর্ণ করতে পারে। কেননা ভারতের প্রকল্পগুলো সাধারন মানুষের জন্য উন্নয়ন মুলক ও জনকল্যাণমুলক কাজ।
ভারত অবশ্য ইঙ্গিত দিয়েছে তালিবানকে এখনই সরকারি ভাবে স্বীকৃতি না দিলেও আলোচনার জায়গা খোলা রাখা হচ্ছে। সাম্প্রতিক পট পরিবর্তনের পর আফগানিস্তানের ৩৪টি প্রদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এপর্যন্ত সেদেশে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে ভারত। দেশটিতে সালমা বাঁধ, পার্লামেন্ট ভবনের মতো গুরুত্বপূর্ণ নির্মাণ করেছে ভারত। গত নভেম্বরে জেনেভায় আফগানিস্তান সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই সম্মেলনেই তিনি বলেন, ”আজ আফগানিস্তানের সমস্ত অঞ্চলেই ভারতের স্পর্শ রয়েছে। এখানকার ৩৪টি প্রদেশেই ভারতের কোনও না কোনও প্রকল্প চলমান রয়েছে।” গত সপ্তাহে তালিবানদের আফগান দখলের সম্ভাবনা তৈরি হওয়ার পরে বিদেশমন্ত্রী জানিয়ে দেন, নির্মীয়মাণ প্রকল্পগুলি সফলভাবে শেষ হওয়ার পরে ভারতের আর কোনও ভূমিকা থাকবে না। তার রক্ষণাবেক্ষণের ভার থাকবে আফগানদের উপরে। ৯/১১ পরবর্তী অধ্যায়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন করে স্থাপিত হয়। তারপর থেকে সেদেশের সব প্রদেশেই জনকল্যাণে বিনিয়োগ করেছে ভারত । হাইওয়ে থেকে আফগান পার্লামেন্ট, স্কুল, হাসপাতাল- ‘বন্ধু’ ভারতের সমস্ত বিনিয়োগই ঘোর সংকেটর মুখে পড়েছে তালিবানের প্রত্যাবর্তনে। যদিও শেষ পর্যন্ত তালিবানের আশ্বাসে তৈরিও হল নতুন সম্ভাবনা।