
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। শুক্রবার (২০ আগস্ট) বিকেলে ইস্তানা নেগারা থেকে স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মালয়েশিয়ার সুলতান আবদুল্লাহ আহমদ শাহের আয়োজনে দুই ঘণ্টার আলোচনার পর শুক্রবার এ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (২১ আগস্ট) দুপুরে আড়াইটায় দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুব শপথ নেবেন।
এর আগে দেশটির ৮ম প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য রাজার আহ্বানে সংসদ সদস্যের মধ্যে ভোটের আয়োজন করেন।এতে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষে ১১৪টি ভোট পড়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পেয়েছেন ৯৯ ভোট। তখনই ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে যায়। কেবল বাকি ছিল রাজার আনুষ্ঠানিক ঘোষণা। মহিউদ্দিন ইয়াসিন ক্ষমতায় ছিলেন ১৭ মাস। ইসমাইল সাবরি ইয়াকুব এখন করোনা মোকাবিলায় মনোনিবেশ করবেন, যা পূর্ববর্তী পেরিকাতান ন্যাশনাল প্রশাসনের সময় রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বেড়েছে।