
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আটকে পডা ৩ শতাধিক ভারতীয় আজ দেশে ফিরছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের কুটনৈতিক তৎপরতায় ও বিমান বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হচ্ছে। আজ রবিবার ভোরে এয়ার ইন্ডিয়ার দু’টি বিশেষ বিমান, বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট সর্বশেষ ভারতীয় বিমান বাহিনীর বিশেষ কার্গো বিমান সি-১৭ ফ্লাইটে এসব নাগরিকদের উদ্ধার করে দিল্লী নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তবে এখনও আফগানিস্তানের বিভিন্ন শহরে হাজার খানেক ভারতীয় আটকে রয়েছেন বলে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে। এঁদের মধ্যে ৩০০ জনকে রবিবারই দেশে ফেরানো হল। আফগানিস্তানে আটকে থাকা বাকি ভারতীয়দের উদ্ধারেও কুটনৈতিক তৎপরতা জারি রেখেছে দেশটি।
আজ রবিবার দিল্লি বিমানবন্দরে নামা দু’টি বিমানের একটি ভারতীয়দের নিয়ে রওনা হয় তাজিকিস্তানের রাজধানী দশানবে থেকে। অন্য বিমানটি কাতারের রাজধানী দোহা থেকে। কাবুল থেকে ওই দুই বিমানবন্দরে ভারতীয়দের নিয়ে আসা হয় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমান ও গাড়িতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতীয়দের সঙ্গে নেপালের দুই নাগরিকও দিল্লি ফিরেছেন। সবশেষ আজ সকালে কাবুল থেকে সরাসরি দিল্লী এসে পৌছেছে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ সি ১৭। যেটিতে ১০৭ জন ভারতীয়সহ সর্বমোট ১৬৮ জন দিল্লী বিমান বাহিনীর ঘাটতি অবতরন করেছে।
রবিবার ভারতীয়দের ফেরার খবর টুইটারে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। শনিবার গভীর রাতে নেটমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আফগানিস্তান থেকে ভারতীয়দের নিয়ে ঘরে ফিরছি। এয়ার ইন্ডিয়া ১৯৫৬ ইতিমধ্যেই ৮৭ জন ভারতীয়কে তাজিকিস্তান থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে। ভারতীয়দের নিয়ে আরও বেশ কয়েকটি বিমান দেশে ফিরতে চলেছে।’ পরে আরও বেশ কয়েকটি টুইটে ভারতীয়দের রওনা হওয়া এবং বিমানে ওঠার বিশদ তথ্য দেন অরিন্দম। তাঁর শেয়ার করা একটি ভিডিয়ো ক্লিপে দেখা যায় বিমানে উঠে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিচ্ছেন ভারতীয়রা। তবে দিল্লিতে পৌঁছলেও এখনই ঘরে ফেরা হবে না এই ভারতীয়দের। করোনা পরীক্ষা করার পর রিপোর্ট আসা পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে।