
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করে গ্রেফতার দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। সোমবার রায়গড়ে উদ্ধব সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা সর্বভারতীয় মন্ত্রী নারায়ন রানে। জন আশীর্বাদ যাত্রা চলাকালীন তিনি বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগাস্ট ভাষণ দেওয়ার সময় তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, এবার স্বাধীনতার কত বছর। আমি যদি সেখানে উপস্থিত থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে একটা চড় মারতাম।’ এই মন্তব্যের জন্যই রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের পুণের চতুরশ্রীঙ্গি থানায় এফআইআর দায়ের করা হয়।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে রানের বিরুদ্ধে আরেকটি এফআইআর করা হয়। আর এর পরই কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রানেকে গ্রেফতারের নির্দেশ দেন মুম্বাইয়ের পুলিশ কমিশনার দীপক পাণ্ডে। ভারতের কেন্দ্রীয় এই মন্ত্রীকে গ্রেফতার করার জন্য ডিসিপি সঞ্জয় বারকুণ্ডের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। রানেকে গ্রেফতার করতে তার বাড়ির দিকে রওনা দেয় মহারাষ্ট্র পুলিশের একটি দল।
আর এই ঘটনাকে ঘিরেই এখন উত্তাল ভারতের বাণিজ্যিক রাজধানি খ্যাত ফিল্ম নগরী মুম্বই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরেও বিজেপি ও শিবসেনা কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় তুমুল হাঙ্গামা। মুম্বইয়ে তাঁর বাড়ির সামনে মারমুখী হয়ে ওঠে বিজেপি ও শিবসেনা সমর্থকরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ নিয়ে উত্তাল হয়ে ওঠে শিবসেবা সমর্থকরা। যদিও এফআইআর দাখিলের পর নারায়ণ রাণের আগাম জামিনের আর্জি নিয়ে আদালতে যায় বিজেপি। আর আদালত বিজেপি’র এই আবেদন পত্রপাঠ খারিজ করে দেয়। ফলে তাকে আটকের আর কোন আইনগত বাঁধা থাকে না পুলিশের কাছে।
এদিকে বিজেপিনেতা কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রানের তীব্র সমালোচনা করেছে শিবসেনা। মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নানান পোস্টার দেওয়া হয়েছে। পাঁচ দশক আগে চেম্বুরে একটি মুরগির দোকান ছিল রানের। সে কথা উল্লেখ করে তাঁকে ‘মুরগি চোর’ বলেও কটাক্ষ করেছে শিবসেনা। রানে মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে দাবি করেছেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।