
আন্তর্জাতিক ডেস্কঃ পর পর দু’টি ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে কাবুল বিমানবন্দরে। সেই সঙ্গে বিমানবন্দর চত্বরে এলোপাথাড়ি গুলিবৃষ্টি ঘিরে তুমুল উত্তেজনা। বিমানবন্দরের অ্যাবি গেটের কাছে প্রথম আত্মঘাতী বিস্ফোরণের ঠিক কিছু ক্ষণ পরই ওই গেট থেকে কিছুটা দূরে আরও একটি বিস্ফোরণে কেঁপে ওঠে ব্যারন হোটেল সংলগ্ন গোটা এলাকা। বিস্ফোরণ ও এলোপাথাড়ি গুলি-চালনার ঘটনায় এখনও পর্যন্ত শিশু-সহ ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও এই ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর স্কাই নিউজ সূত্র জানিয়েছে। হামলার পরই জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগন সূত্রে খবর, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব গেটের সামনে ঘটে প্রথম বিস্ফোরণ। তারপরের বিস্ফোরণটি ঘটে ব্যারন হোটেলের সামনে। তার কিছুক্ষণের পরই ব্রিটিশ ও মার্কিন সেন ছাউনির পাশে আরও এক বিস্ফোরণ ঘটে বলে খবর। এই ঘটনায় অন্তত ৩০ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত্যু হিয়েছে চার মার্কিন জওয়ানের। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, শেষ পাওয়া খবরের মতে জঙ্গিদের সঙ্গে মার্কিন সেনার গুলির লড়াই চলছে এতে নতুন করে আহত হয়েছেন তিন আমেরিকান সেনাসহ বেশ কয়েক জন তালিবান ও সাধারন মানুষ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, আত্মঘাতী বিস্ফোরণের পর বিমানবন্দরে এলোপাথাড়ি গুলি ছুড়তে আরম্ভ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বিমানবন্দর চত্বরে আমেরিকার সেনাদের ঘিরে থাকা যে এলাকায় আফগানিস্তান ছাড়তে চেয়ে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ, সেথানেই বিষ্ফোরণ ঘটনা হয় বলে খবর মিলেছে। ৩১ অগস্টের আগে বিমানবন্দরে চলছে বিভিন্ন দলের উদ্ধারকারী দলের চুড়ান্ত তৎপরতা। সূত্রের খবর, এসময় ইতালির উদ্ধারকারী বিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছে আফগান ত্যাগ করতে ইচ্ছুক বহু সাধারন মানুষ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তার পেন্টাগনের প্রেস সচিব জন কিরবিও টুইটে জানিয়েছেন বিস্ফোরণের কথা। শুধু কাবুল বিমানবন্দরই নয়, শহরের কয়েকটি জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ক’দিন আগেই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল আইএস। বিস্ফোরণের পিছনে তাদেরই হাত রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
তবে অনেকে ধারনা করছে এই হামলায় তালিবানেরও হাত থাকতে পারে। কারন তারা বার বার সাধারন আফগান নাগরিকদের দেশ ত্যাগে নিষেধ করলেও বাধভাঙ্গা স্রোতের মত দেশত্যাগ করছে মানুষ। সীমান্তবর্তী এলাকার মানুষ স্খল সীমানা পার হয়ে পার্শ্ববর্তী দেশ সমুহে আশ্রয় নিলেও কাবুল ও আশপাশের মানুষেরা বিমানবন্দর ব্যবহার করে তালিবানের নাকের ডগা দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছেন। যেটা তালিবানের আদৌ পছন্দ না। সেকারনে এই বিষ্ফোরণে তাদের হাত থাকার সম্ভবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে মনে করছেন ওয়াকিবহল মহল। যদিও আমেরিকার নিয়ন্ত্রণে থাকা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ছক তৈরি করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (খোরাসান) বলে আগেই জানিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এদিকে, এই ঘটনার জেরে যুক্তরাষ্ট্র সফররত ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছেন প্রেসিডেন্ট বাইডেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর।
আফগানিস্তানে বর্তমানে পাকিস্তান, তাজিকিস্তান ও ইরানের সঙ্গে সমস্ত সীমান্ত চৌকি দখল করেছে তালিবান। ফলে আফগানিস্তান থেকে অন্য দেশে যেতে হলে কাবুল বিমানবন্দর ছাড়া গতি নেই। এপর্যন্ত প্রায় ১৮ হাজার নাগরিককে পাহাড়ি দেশটি থেকে বের করে এনেছে ওয়াশিংটন। এখনও সেখান দিয়েই মার্কিন ও বিদেশি নাগরিকদের উদ্ধার করার কাজ চলছে। এহেন পরিস্থিতিতে ৩১ আগস্টের পরও আফগানিস্তানে সেনা (Afghanistan) রাখতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আর এতেই বেজায় খাপ্পা জেহাদিরা। ডেডলাইন না মানলে ফল ভাল হবে না বলে আমেরিকাকে শাসিয়েছে তালিবান। আর পরিস্থিতি আরও জটিল করে এবার কাবুল বিমানবন্দরে হামলার ছক তৈরি করছে ইসলামিক স্টেট।সেই হামলা ঠেকাতে বিমানবন্দরে প্রবেশের বিকল্প ও নিরাপদ পথ খুঁজছে মার্কিন ফৌজ।