News71.com
 International
 27 Aug 21, 12:30 PM
 291           
 0
 27 Aug 21, 12:30 PM

আফগানিস্তানে সরকারের ধরন দেখে স্বীকৃতির বিষয়ে ভাবতে ভারত ॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আফগানিস্তানে সরকারের ধরন দেখে স্বীকৃতির বিষয়ে ভাবতে ভারত ॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে তালিবান সরকারে সব গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকছে কি না, তা দেখেই ভারত ঠিক করবে, তাদের ভারত স্বীকৃতি দেবে কি না। ওই সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কী হবে, তা-ও এই মাপকাঠির ভিত্তিতে ঠিক হবে বলেই আপাতত ইঙ্গিত দিল নরেন্দ্র মোদী সরকার। তালিবানের ক্ষমতা দখলের পরে ভারতের সামনে প্রশ্ন, আফগানিস্তানের নতুন সরকারকে ভারত কি স্বীকৃতি দেবে? আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আজ সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করেছেন, এ বিষয়ে নয়াদিল্লি অন্যান্য দেশের মতোই ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ পলিসি নিয়েই চলছে। তাঁর মন্তব্য, ‘‘কাবুলের পরিস্থিতি থিতু না হওয়া পর্যন্ত ভবিষ্যতের নীতি সম্পর্কে ধৈর্য ধরতে হবে।’’

বৈঠকে বিরোধী নেতারা প্রশ্ন করেছিলেন, ভারত কি আফগানিস্তানের প্রশ্নে একঘরে বা বিচ্ছিন্ন হয়ে পড়েছে? সূত্রের খবর, বিদেশমন্ত্রী দাবি করেন, ভারত মোটেই বিচ্ছিন্ন নয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের পরিচালনাতেই আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পরে জয়শঙ্কর বলেন, ‘‘আন্তর্জাতিক মঞ্চ বা আন্তর্জাতিক স্তরে কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের স্বার্থ, কূটনীতি, ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমরা নিয়মিত সহযোগী দেশগুলির সঙ্গে কথা বলছি।’’ গত তিন দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে কথা বলেছেন। জয়শঙ্কর জানান, আগামী কয়েক দিনে প্রধানমন্ত্রী আরও কয়েক জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলবেন। তাঁর সঙ্গেও বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীর কথা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন