News71.com
 International
 27 Aug 21, 12:45 PM
 342           
 0
 27 Aug 21, 12:45 PM

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় ১৩ আমেরিকান সেনাসহ মৃত শতাধিক॥ দায় স্বীকার করল আইএস  

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় ১৩ আমেরিকান সেনাসহ মৃত শতাধিক॥ দায় স্বীকার করল আইএস   

আন্তর্জাতিক ডেস্কঃ বিভিন্ন দেশের গোয়েন্দাদের আশঙ্কা সত্যি প্রমাণ করে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর এলাকা। গতকাল সন্ধ্যার ঠিক আগের মুহুর্ত পর পর দু’টি ভয়াবহ আত্মঘাতি বিস্ফোরণ ঘটানো হয়েছে আফগানিস্তানের প্রধান বিমানবন্দরে। সেই সঙ্গে বিমানবন্দর চত্বরে চলে এলোপাথাড়ি গুলিবৃষ্টি ও উড্ডয়ন রত বিমান লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা। বিকেলে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের অ্যাবি গেটের কাছে প্রথম আত্মঘাতী বিস্ফোরণের ঠিক কিছু ক্ষণ পরই ওই গেট থেকে কিছুটা দূরে আরও একটি বিস্ফোরণে কেঁপে ওঠে ব্যারন হোটেল সংলগ্ন গোটা এলাকা। বিস্ফোরণ ও এলোপাথাড়ি গুলি-চালনার ঘটনায় এখনও পর্যন্ত ১৩ মার্কিন সেনাসহ ১০৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মার্কিন সেনা ব্যাতিত নিহতরা সকলেই নিরিহ আফগান নাগরিক। যারা তালিবান নিয়ন্ত্রিত আফগান ত্যাগের প্রত্যাশায় বিমানবন্দর এলাকায় অবস্থান করছিলেন বলে জানাগেছে। এছাড়াও এই হামলায় আরও কমপক্ষে ১৫০ জন গুরুতর জখম হয়েছেন। ফলে মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে । ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়ে ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ( খোরাসান ) । এদিকে এই ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে বর্তমানে আফগানিস্তানের নিয়ন্ত্রক গোষ্ঠী তালিবান।

গতকাল হামলার পরই জরুরি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শেষে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট দৃঢ়তার সাথে হামলাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা ঘোষনা করে বলেন কাবুল থেকে নিরিহ মানুষদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে এবং আমেরিকা এই হামলার কথা মনে রাখবে। পেন্টাগন সূত্রে খবর, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব গেটের সামনে ঘটে প্রথম বিস্ফোরণ। তারপরের বিস্ফোরণটি ঘটে ব্যারন হোটেলের সামনে। তার কিছুক্ষণের পরই ব্রিটিশ ও মার্কিন সেন ছাউনির পাশে আরও এক বিস্ফোরণ ঘটে বলে খবর। এই ঘটনায় অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে । গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তার পেন্টাগনের প্রেস সচিব জন কিরবিও টুইটে জানিয়েছেন বিস্ফোরণের কথা। শুধু কাবুল বিমানবন্দরই নয়, শহরের কয়েকটি জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ক’দিন আগেই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল আইএস। বিস্ফোরণের পিছনে তাদেরই হাত রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

তবে আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিলেও এই ঘটনার দায় এড়াতে পারবে না তালিবান। অনেকে আবার ধারনা করছেন এই হামলায় তালিবানেরও মদদ রয়েছে। কারন তারা বার বার সাধারন আফগান নাগরিকদের দেশ ত্যাগে নিষেধ করলেও বাধভাঙ্গা স্রোতের মত দেশত্যাগ করছে মানুষ। দেশটির স্থল সীমান্ত চৌকি গুলো তালিবান দখলে নেয়ার পর এখন মানুষ কাবুল বিমানবন্দর ব্যবহার করেই তালিবানের নাকের ডগা দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছেন। যেটা তালিবানের একদমই পছন্দ না। সেকারনে এই বিষ্ফোরণে তাদের হাত থাকার সম্ভবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে মনে করছেন ওয়াকিবহল মহল। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তান ছেড়ে অন্য দেশে যেতে হলে কাবুল বিমানবন্দর ছাড়া অন্য কোন গতি নেই । এদিকে তালিবান মুখপাত্র জ়বিউল্লা মুজাহিদ টুইটারে লিখেছেন, ‘‘কাবুল বিমানবন্দরের ভিতরে নিজেদের জিনিসপত্র নষ্ট করে দিতে আমেরিকান বাহিনীই বিস্ফোরণগুলি ঘটিয়েছে। কাবুলের বাসিন্দারা তা নিয়ে ভাবিত নন।’’ এপর্যন্ত প্রায় ১৮ হাজার নাগরিককে পাহাড়ি দেশটি থেকে বের করে এনেছে ওয়াশিংটন। এখনও সেখান দিয়েই মার্কিন ও বিদেশি নাগরিকদের উদ্ধার করার কাজ চলছে। এহেন পরিস্থিতিতে ৩১ আগস্টের পরও আফগানিস্তানে সেনা রাখতে হতে পারে বলে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আর এতেই বেজায় খাপ্পা জেহাদিরা। ডেডলাইন না মানলে ফল ভাল হবে না বলে আমেরিকাকে শাসিয়েছে তালিবান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন