
আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোটা ত্রিপুরা রাজ্য। শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিআইএম দলের কর্মী-সমর্থকদের মধ্যে গোমতী জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) এ সংঘর্ষের সূত্রপাত হয় জেলার উদয়পুরে। জানা যায়, আগরতলা শহরের মেলার মাঠ এলাকার সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির অফিস ও রাজ্য কমিটির অফিসে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের সামনে থাকা একাধিক গাড়ি ও মোটরবাইক ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। দীর্ঘ সময় ধরে পুলিশের সামনেই চলে এ তাণ্ডব।
সিপিআইএম দলের সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী অভিযোগ করে বলেন, বিজেপি নেতাদের মদতে এবং কয়েকজনের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। সিপিআইএম দলের অফিস ভাঙচুরের পাশাপাশি একটি সংবাদমাধ্যমের অফিসেও ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। ওই সংবাদমাধ্যমের সম্পাদক এবং মালিক অনল রায় চৌধুরী অভিযোগ করে বলেন, শাসক দল বিজেপির কর্মী-সমর্থকরা মিছিল শেষে এ ভাঙচুর চালায়। পাশাপাশি আমাদের একাধিক গাড়ি ও মোটরবাইক ভেঙে ফেলে। আমাদের অফিসেও আগুন দিয়েছে।