
আন্তর্জাতিক ডেস্কঃ বঙ্গ বিজেপিতে বড় চমক! পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি পদ থেকে সরানো হলো দিলীপ ঘোষকে। তার জায়গায় নতুন সভাপতি হচ্ছেন আর এক সংসদ সদস্য ড. সুকান্ত মজুমদার। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং সোমবার (২০ সেপ্টম্বর) এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাই এ রদবদল করেছেন। রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের মেয়াদ ফুরানোর কথা ২০২৩ সালের জানুয়ারি মাসে। সময়সীমার এতটা আগেই তাকে সরিয়ে দেওয়া হবে তা ঘুণাক্ষরেও টের পায়নি দিলীপ ঘোষ। তবে সুকান্ত মজুমদারই যে আগামী বিজেপির রাজ্য সভাপতি হিসেবে মনোনীত তার একটা আন্দাজ করাই গিয়েছিল।
তবে সময়ের আগেই রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরানো হলেও আরও বড় দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। বিজেপির জাতীয় সহ-সভাপতি পদে তাকে নিযুক্ত করা হবে। রাজ্যর নতুন দায়িত্ব পেয়ে সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, নেতারা আসবে যাবে। কিন্তু দল থাকবে। দলকে শক্তিশালী করাই মূল লক্ষ্য। মুলত একুশের বিধানসভা ভোটে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ ভালো ফল করেছিল। রাজ্যের বিরোধীদলের যতগুলো বিধায়ক তার বেশির ভাগই উত্তরবঙ্গের। এর ফলে উত্তরবঙ্গ থেকে দলের রাজ্য সভাপতি মনোনীত করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।