
আন্তর্জাতিক ডেস্কঃ দিন যত গড়াচ্ছে আফগানিস্তানে পুরনো সব বিধি-নিষেধগুলোকে ফিরিয়ে আনছে তালেবান। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এবার সেলুনে গিয়ে দাড়ি কাটায় নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির নাপিতদের কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে। তাদের কেউ যেন শেভ কিংবা দাড়ি ছাঁটার কোন কাজ না করেন। তালেবানের ধর্মীয় পুলিশের মতে, দাড়ি শেভ করা ইসলামিক আইনের লঙ্ঘন। আর এই কাজটি যে করবে তাকে অবশ্যই কঠোর শাস্তি দেওয়া হবে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলের নাপিতরাও একই ধরনের নির্দেশ পেয়েছেন বলে তারা দাবি করছেন। আর হেলমান্দ প্রদেশের সেলুনগুলোতে হঠাৎ করেই তালেবানের নির্দেশিকাসংবলিত একটি পোস্টার টানিয়ে দেওয়া হয়। এই পোস্টারে বলা হয়, চুল-দাড়ি কাটায় সেলুনে কাজ করা নাপিতদের অবশ্যই ইসলামি শরিয়া আইন মেনে চলতে হবে। এ ব্যাপারে কারো দ্বিমতের অধিকার নেই। কাবুলের এক নাপিত বিবিসিকে বলেন, যোদ্ধারা (তালেবান) মাঝেমধ্যে আসছেন। আর দাড়ি ছাঁটা বন্ধ করার নির্দেশ দিচ্ছেন। দেশটির এক অফিসার এমনও বলেছেন, নির্দেশ অমান্যকারীদের ধরতে গোপনে অনুসন্ধান চালানো হবে।