
আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব লাদাখের বিপরীতে লাইন অব কন্ট্রোলে ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ৫০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে চীন। এসব সেনারা সীমান্ত রেখায় ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে এবং ড্রোনগুলো ভারতের অংশের কাছাকাছি উড়ছে। চীনা এই ড্রোন কার্যক্রম খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে ভারত। সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, চীনা ড্রোন তৎপরতা বেশিরভাগই দৌলত বেগ ওল্ডি সেক্টর, গোগরা হাইটস ও অন্যান্য পয়েন্টে দেখা গেছে। বিভিন্ন উৎস ব্যবহার করে চীনা ড্রোনগুলোর ওপর নজর রাখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
কর্তৃপক্ষ বলেছে, চীনা সেনাবাহিনীর ড্রোন তৎপরতা আমাদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রয়েছে। ভারতও ইতোমধ্যে ব্যাপকভাবে ড্রোন মোতায়েন করছে। এছাড়া শিগগিরই ইসরায়েলের তৈরি নতুন ড্রোন মোতায়েন করা হবে। একইসঙ্গে ভারতের প্রতিরক্ষা বাহিনী সীমান্তে চীনের চ্যালেঞ্জ মোকাবেলায় জরুরি আর্থিক ক্ষমতাও অর্জন করেছে। সীমান্ত রেখা বরাবর পরিস্থিতি ব্যাখ্যা করে সূত্রগুলো বলছে, গত এপ্রিল থেকে মে মাসের মধ্যে চীনা আগ্রাসনের পর যে উত্তেজনা তৈরি হয়েছে তা সমাধান করা দরকার। তিনটি প্রধান পয়েন্ট প্যানগং হ্রদের উভয় পাড়, গোগরা হাইটস এবং ‘হট স্প্রিংস’ পয়েন্টে এই জটিলতা সৃষ্টি হয়েছিল।