
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, চীনের জনগণ শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির ধারণা অন্বেষণের জন্য সর্বদাই সুপ্রসিদ্ধ এবং সংগ্রামী। চীন কখনো অন্যকে আক্রমণ বা পীড়ন করেনি এবং করবেও না বা আধিপত্য চাইবে না। চীন সর্বদাই বিশ্ব শান্তির নির্মাতা, বৈশ্বিক উন্নয়নে অবদানকারী, আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক ও জনপণ্য সরবরাহকারী। চীন নিজেদের নতুন উন্নয়নের মাধ্যমে বিশ্বকে নতুন সুযোগ এনে দিতে থাকবে, যোগ করেন শি জিন পিং। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
চীনা প্রেসিডেন্ট বলেন, এক বছর আগে, জাতিসংঘের ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ ধারাবাহিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সংঘবদ্ধভাবে কোভিড-১৯ মোকাবিলা, চ্যালেঞ্জ ঠেকানো, বহুপাক্ষিকতাবাদ সমুন্নত রাখা, জাতিসংঘের ভূমিকা জোরদার করা এবং বর্তমান ও আগামী প্রজন্মের সমন্বিত ভবিষ্যতের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে একটি ঘোষণা জারি করেছিলেন। এক বছর পর আমাদের বিশ্ব এক শতাব্দীতে প্রত্যক্ষ করেনি এমন পরিবর্তন এবং কোভিড-১৯ মহামারির সম্মিলিত প্রভাবের মুখোমুখি হয়েছে। সব দেশে শান্তি ও উন্নয়নের জন্য মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে অধিক উন্মুখ হয়ে আছে। সমতা ও ন্যায্যতার জন্য তাদের আহ্বান শক্তিশালী হচ্ছে এবং সহযোগিতার মাধ্যমে পরস্পরের কল্যাণ সাধনে তারা অধিকতর দৃঢ়প্রতিজ্ঞ।