
নিউজ ডেস্কঃ চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার। আজ ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। প্রতিবছরের মতো এবারও সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্র ছাড়াও পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শুধু শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। ১০০ বছরের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে আসছে নোবেল পুরস্কার। বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা উল্লেখ থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা ছিল না। ১৯৬৮ সালে দ্য ব্যাংক অব সুইডেনের দেওয়া এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। অর্থনীতির পুরস্কারটি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো একই সময় ঘোষণা ও প্রদান করা হয়। এ ছাড়া পুরস্কারের অর্থমূল্যও নোবেলের অন্যান্য পুরস্কারের মতো সমান হওয়ায় সম্মাননার দিক দিয়ে তা নোবেল পুরস্কারের সমকক্ষ। অর্থনীতির পুরস্কারটি ‘বিকল্প নোবেল পুরস্কার’ হিসেবেও পরিচিত।
নোবেল কমিটির তথ্য মতে, বাংলাদেশ সময় আজ ৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় স্টকহোম ক্যারোলিন্সকা ইনস্টিটিউট থেকে কমিটির সেক্রেটারি প্রফেসর থোমাস পেরলমান ঘোষণা দেবেন চিকিৎসাবিদ্যায় নোবেল বিজয়ীর নাম। আর কাল ৫ অক্টোবর বিকেল পৌনে ৪টায় দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্সের সেক্রেটারি গুন্নার ইঙ্গেলমান পদার্থবিদ্যায়, ৬ অক্টোবর বিকেল পৌনে ৪টায় দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্সের সেক্রেটারি পিটার ব্রজেজিনস্কি রসায়নবিদ্যায়, ৭ অক্টোবর বিকেল ৫টায় দ্য রয়াল সুইডিশ একাডেমির চেয়ারম্যান আন্দেরস উলসন সাহিত্যে এবং ৮ অক্টোবর অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রেইস-অ্যান্ডেরসেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবেন। এ ছাড়া ১১ অক্টোবর বিকেল পৌনে ৪টায় দ্য রয়াল সুইডিশ একাডেমি অব ইকোনমিক সায়েন্সের সভাপতি পিটার ফ্রেডরিকসন ঘোষণা করবেন অর্থনীতিতে পুরস্কার বিজয়ীর নাম।