
আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ান চুক্তি মেনে চলার ব্যাপারে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৫ অক্টোবর) তাইওয়ান-চীন উত্তেজনার নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনার মধ্যেই এই দুই নেতার আলোচনা হলো।জো বাইডেন বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ান বিষয়ে আমি কথা বলেছি। আমরা সম্মত হয়েছি, এই চুক্তি মেনে চলব। তিনি আরও বলেন, আমি এটা স্পষ্ট করেছি তিনি যেন এই চুক্তির বাইরে কিছু না করেন। মনে করি, তিনি চুক্তির মধ্যে থাকবেন।তাইওয়ান সম্পর্ক চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে। আর তাইওয়ানের ভবিষ্যৎ শান্তিপূর্ণ উপায়ে নির্ধারিত হবে।
মিশিগান সফর শেষে হোয়াইট হাউসে ফিরে সাংবাদিকদের কাছে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলাপের কথা জানিয়েছেন জো বাইডেন।তাইওয়ান নিয়ে চীনের স্বার্থ দীর্ঘদিনের। চীন দাবি করে তাইওয়ান তাদের ভূখণ্ড। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। এর ফলে সৃষ্ট উত্তেজনার জন্য তারা চীনকে দায়ী করে আসছে। তাইওয়ানের অভিযোগ, গত শুক্রবার থেকে মাত্র চার দিনে ১৪৮ বার আকাশসীমা লঙ্ঘন করে তাইওয়ানের আকাশে যুদ্ধবিমান চালিয়েছে চীন। গত রোববার (৩ অক্টোবর) তাইয়ানে চীনের সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।