
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। সোমবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় ১০টা ১৭ মিনিটের দিকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পেনিনসুলার পূর্বে সিনপো থেকে ছোড়া হয় এ ক্ষেপণাস্ত্র। বিষয়টি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিশ্লেষণ করে দেখছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। দক্ষিণ কোরিয়ার ইউনহাপ বার্তা সংস্থা বলছে, যদিও সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জেসিএস বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে উত্তর কোরিয়া সিনপো বন্দর ব্যবহার করে সাবমেরিন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এর আগে চলতি অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। সে সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে অভিযোগ ওঠে। পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় সেপ্টেম্বর মাসেও। পরে আবারও উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করছে বলে দাবি করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যদিও সে সময় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে বলেন, পিয়ংইয়ংয়ের নিজের আত্মরক্ষার্থে এরকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার রয়েছে।