
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের আট দেশের পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে ব্রুনাই এবং জার্মানির জন্য সিঙ্গাপুর ভ্রমণের পথ খুলে দেওয়ার পর আজ মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে। এ তথ্য জানিয়েছে আরব নিউজ। সম্প্রতি সিঙ্গাপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী লি বলেন, করোনাভাইরাস এখনই চলে যাচ্ছে না। তবে টিকাদান, সামাজিক দূরত্ব এবং সতর্ক নজরদারির মাধ্যমে নতুন স্বাভাবিকতাকে সঙ্গী করে বেঁচে থাকা সম্ভব।সিঙ্গাপুর থেকে কোম্পানি ও বিনিয়োগকারীদের আঞ্চলিক এবং বৈশ্বিক ব্যবসা পরিচালনা করতে হয়। তাদের জন্য কাজ করা মানুষের জীবিকা অর্জনের জন্য ভ্রমণ চালু করতে হবে। বিশ্বের আরও আট দেশের মধ্যে ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে সিঙ্গাপুর। এছাড়া আগামী ১৫ নভেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার পর্যটকদের জন্যও সীমান্ত খুলে দেবে দেশটি।