
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস গড়লো ভারত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ১০০ কোটি ডোজ দেওয়ার মাইলফলকে পৌঁছে গেলো দেশটি। আর সেই সাফল্যকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে ছিল নানান আয়োজন। শতকোটি ডোজ টিকাকরণের মাইলফলক পার করা উপলক্ষে ভারতের সৌধগুলোকে আলোকিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোয় রাঙিয়ে তোলা হবে লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুন সৌধ, তুঘলকাবাদ দুর্গ, পুরানা কেল্লা, ফতেপুর সিক্রি, রামাপ্পা মন্দির, হাম্পি, ধোলাভিরা, লেহ প্রাসাদ, খাজুরাহো মন্দির, গোলকোন্ডা দুর্গ। এই তালিকায় আছে কলকাতার কারেন্সি বিল্ডিং এবং মেটকাফ হলও। পাশাপাশি দেশের বিভিন্ন রেল স্টেশন, বিমানবন্দরগুলি আলো দিয়ে সাজানো হবে। চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই মাইলফলক ছুঁল ভারত। যা ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের এই সাফল্যে বিরোধী দলের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, পিনারাই বিজয়ন শুভেচ্ছাবার্তা জানিয়েছেন স্বাস্থ্যকর্মীদের। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সাফল্যকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। কংগ্রেস নেতা শশী থারু জানিয়েছেন, এই সাফল্য মোদি সরকারের প্রাপ্য। টুইটে তিনি লিখেছেন, 'এটা ভারতীয়দের গর্ব। সরকারকে কৃতিত্ব।'