
নিউজ ডেস্কঃ দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (২৩ অক্টোবর) তিনি দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান গত ১৯ অক্টোবর কোরিয়া প্রজাতন্ত্রের সেনাবাহিনী প্রধান জেনারেল ন্যাম ইয়ং শিনয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে দ্বিপাক্ষিক আলোচনায় তারা দু'দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ‘আর্মি টাইগার ৪.০’ ও ‘ওয়ারিয়র্স প্লাটফর্ম’ শীর্ষক দুটি মহড়া দেখেন। এছাড়াও তিনি সিউলে ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-২০২১ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী সিঅ উক, সেনাবাহিনী প্রধান জেনারেল ন্যাম ইয়ং শিন, অ্যাঙ্গোলা সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল জ্যাক রাউল, রাশিয়া গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ জেনারেল ওলেগ লিওনিদোভিচ সেউকভসহ অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করেন।