
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে বিদায়ী সরকারের মেয়াদ শেষ হয়েছে। এতে করে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের যুগ আনুষ্ঠানিকভাবে শেষ হলো। তবে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত কার্যনির্বাহী চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা মেরকেল ক্ষমতায় থাকবেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) রেকর্ড সংখ্যক সদস্য নিয়ে জার্মানির সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগের নতুন যাত্রা শুরু হয়েছে। ফেডারেল জার্মানির ইতিহাসে তৃতীয় নারী হিসেবে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন এসপিডি দলের বেয়ার্বেল বাস।
ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ৭৩৬ জন সংসদ সদস্য দায়িত্ব গ্রহণ করেন। গতবারের তুলনায় ১৪০ জন বাড়তি সংসদ সদস্যের কারণে জার্মানির করদাতাদের ওপর বছরে ১০ কোটি ইউরোর বোঝা চাপবে বলে করতাদাদের সংগঠন হিসাব করেছে। এসব ব্যস্ততার মাঝে আঙ্গেলা মেরকেলের উপস্থিতি সহজে চোখে পড়ার মতো ছিল না। দীর্ঘ ১৬ বছর ধরে চ্যান্সেলর এবং তিন দশকেরও বেশি সময়জুড়ে সংসদ সদস্য থাকার পর তিনি এবার নির্বাচনে দাঁড়াননি। তাই বুন্ডেসটাগে ভিআইপি দর্শকের আসনে বসেই তিনি সব আনুষ্ঠানিকতা পর্যবেক্ষণ করেন।