
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হ্যালোইন উৎসবের ছুটিতে পুরো সপ্তাহজুড়ে ব্যাপক গোলাগুলিতে ১২ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়, গোলাগুলিতে অন্তত ৫২ জন আহত হয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভ এবং স্থানীয় সংবাদ মাধ্যম এবং পুলিশের রিপোর্টের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। সিএনএন জানাচ্ছে, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ করা হয়। কাউন্টি শেরিফ অফিসের বরাতে সিএনএন জানায়, ওই গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন। শেরিফ অফিস থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টহলরত পুলিশ সার্জেন্ট গোলাগুলি হওয়া এলাকায় ১০ থেকে ১২টি গুলির শব্দ শুনেছেন।